পটুয়াখালীর লেবুখালীতে নতুন চালু হওয়া পায়রা সেতুর ওপর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত স্কুলছাত্র রায়হান ঢাকায় নেয়ার পথে মারা গেছে। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ৪ জন আহত হয়েছেন।

রায়হান পটুয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহরিয়ারের একমাত্র ছেলে। সে পটুয়াখালী সরকারী জুবিলী স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

আহতদের মধ্যে দু’জনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে গুরুতর জখম রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে ঢাকা নেয়ার পথে মারা যায় ।

তার সাথের অপর আহত দশম শ্রেণির ছাত্র মোরশেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তারা উভয়েই পটুয়াখালী শহরের বাসিন্দা।

ঘটনাস্থলে থাকা পুলিশের সহকারী পরিদর্শক বিপ্লব কুমার জানান, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সেতুর লেবুখালী প্রান্তের টোল পয়েন্টের একটু উত্তর পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। চারলেনের পায়রা সেতুর মাঝে বিভাজন থাকলেও একটি মোটরসাইকেল রং সাইড দিয়ে অতিক্রম করছিলো। এ সময়ই দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত পটুয়াখালী পাঠানো হয়েছে বলে জানা তিনি।