ভোলায় বসতবাড়িতে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা সদর রোড কে-জাহান মার্কেটের সামনে ‘ভোলার ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি’র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ভোলার বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির আহ্বায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরী, প্রবীণ সাংবাদিক এম এ তাহের, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম, প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক অবিনাশ নন্দী, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবিদুল আলম, ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সদস্য সচিব আবদুল জলিল নান্টু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ভোলায় আরো নতুন তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে। এর আগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া, টবগী ও সদরের ভেদুরিয়াতে আরো চারটি গ্যাসক্ষেত্র সন্ধান পাওয়া যায়। এখানে বিপুল পরিমাণ গ্যাস মজুত রয়েছে। কিন্তু ভোলার গ্যাস ভোলায়ই দেয়া হচ্ছে না। কিন্তু আমরা ভোলাবাসী গ্যাস ব্যবহারের দাবিদার।

তারা আরো বলেন, ভোলায় গ্যাসকূপে বিপুল পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। কিন্তু এই গ্যাস ভোলার মানুষ গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য পাচ্ছে না। ইতোমধ্যে ৪০ কিলোমিটার গ্যাস সংযোগ দেয়ার জন্য পাইপলাইন টানা হয়েছে। এবং সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানি বরাবর এ পর্যন্ত ভোলার ছয় হাজার পরিবার গ্যাসের জন্য আবেদন করেছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ সংযোগ পেয়েছে। তিন বছর আগে ১ হাজার ২০০ পরিবার সরকারের ফান্ডে চাহিদামতো টাকা জমা দিয়েও গ্যাস সংযোগ পায়নি। এ ছাড়া ২০০ পরিবারের ঘরের সামনে রাইজার বসালেও গ্যাস সংযোগ দেয়া হয়নি বলে জানান তারা।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশমতে রংপুরের বসিরহাটে গ্যাসসংযোগ দেয়া হয়েছে, কিন্তু ভোলায় গ্যাস থাকা সত্ত্বেও ভোলার সংযোগ দেয়া বন্ধ হয়ে গেছে। জ্বালানি মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী চাইছেন ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া হোক। কিন্তু কিছু চক্রান্তকারীর কারণে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না।

মানববন্ধনে বক্তারা ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমাদানকারী পরিবারকে জরুরি ভিত্তিতে গ্যাস সংযোগ দেয়া, গ্যাস সংযোগের জন্য আবেদনকারীদের সংযোগ প্রক্রিয়া শুরু করা এবং প্রাকৃতিক পরিবেশ বাঁচাতে গৃহস্থালির কাজে সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবি তোলেন।