সোমবার রাতে নওগাঁর রাণীনগরে ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আজাদুল ইসলাম (৪০) নামে এক প্রার্থীসহ উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।
সোমবার উপজেলার পারইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কামতা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের আদমদীঘি ও নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত প্রার্থী আজাদুল ইসলাম জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পারইল ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে (সাধারণ সদস্য) মেম্বার পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার বিকেলে তারা কর্মী-সমর্থক নিয়ে একটি মিছিল বের করেন। তিনি দাবি করে বলেন, পুরো মিছিলটি পুরো ওয়ার্ড প্রদক্ষিণশেষে রাত অনুমান সাড়ে ৯টায় কামতা গ্রামে মসজিদের সামনে পৌঁছলে প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী মিজানুর রহমান ও তার সমর্থকরা হামলা চালায়। এতে প্রার্থী আজাদুল ও তার সমর্থক কামতা গ্রামের জসিম উদ্দীনের ছেলে ইয়াছিন আলী (৫১), মিজানুর রহমানের ছেলে ইয়াদুল (২২), রফিকুলের ছেলে সাফি (২৩) ও আহসান আলীর ছেলে জামিল হোসেন (৩৪) আহত হন। আহতদের রাতেই নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে জানান,আমার কর্মী সমর্থকরাও মিছিল শেষ করলে আজাদুল ও তার লোকজন আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করেছে। এতে কামতা গ্রামের আবেদ আলীর ছেলে আমার কর্মী-সমর্থক ইয়াছিন (৫৪), খলিলুরের ছেলে মোহাম্মদ আলী (৫১) ও আক্কাছ আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৬০) আহত হয়েছে। আহতদের রাতেই আদমদীঘি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসা নিয়ে তারা বাড়িতে ফিরেছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় একপক্ষের নিকট থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



