রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মায় এক জেলের জালে একসাথে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের দু’টি বড় পাঙ্গাস মাছ। দু’পাঙ্গাসের মধ্যে একটি ওজন ২০ কেজি ও অন্যটির ওজন ১৫ কেজি। মাছ দু’টি দেড় হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার পদ্মা থেকে এ দু’পাঙ্গাস মাছ ধরা হয়।

মঙ্গলবার সকাল ৭টার দিকে পদ্মার দৌলতদিয়া সাত নং ফেরি ঘাটের অদূরে গভীর পানি থেকে জেলে ফারুক হালদারের জালে মাছ দু’টি ধরা পড়ে।

জানা গেছে, ফারুক হালদার পাঙ্গাস মাছ দু’টি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে নেয়। তিনি পাঙ্গাস দু’টি ১৪০০ টাকা কেজিতে ৪৯ হাজার টাকায় কিনে নেন। পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনে রাজবাড়ীর এক ব্যবসায়ীর কাছে দেড় হাজার টাকা কেজিতে মোট ৫২ হাজার টাকায় বিক্রি করে দেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, স্থানীয় জেলে ফারুক হালদারের জালে মাছ দু’টি ধরা পড়ে। তিনি বিক্রির জন্য ৫নং ফেরিঘাটে আমার মৎস্য আড়তে নিয়ে এলে আমি উন্মুক্ত নিলামে এক হাজার ৪০০ টাকা কেজি দরে ৪৯ হাজার টকায় কিনে নিই। এর পর দেড় হাজার টাকা কেজিতে ৫২ হাজার ৫০০ টাকায় মাছ দুটি বিক্রি করে দিয়েছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মসিউর রহমান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশের পরিবর্তে বড় বড় পাঙ্গাস,বাঘাইর ও রুই কাতলা মাছ পাওয়া যাচ্ছে। এসব মাছ ডিম ছাড়ার সময় ধরা পড়ছে। ফলে দেশী জাতের মাছের অভাব দিন দিন বেড়েই চলছে।