স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন নোয়াখালীর চাটখিল শহরের ব্যবসায়ী সফিকউল্যা মিয়া (৭৬)। মঙ্গলবার চাটখিল পৌর শহরের নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান তিনি।
সফিক মিয়ার ছেলে পৌর বাজারের ব্যবসায়ী কামাল হোসেন জানান, তার মা মাহমুদা খাতুন (৬০) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মঙ্গলবার ভোর ৫টায় তিনি মারা যান। এ খবর বাড়িতে জানাজানি হলে তার বাবা শোক সইতে না পেরে স্ট্রোক করে দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের ভীমপুরের নিজ বাড়িতে মারা যান। স্বামী-স্ত্রী দু’জনের একসাথে মারা যাওয়ার সংবাদে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার দুপুরে মাহমুদা খাতুনের জানাজা ও সন্ধ্যায় স্বামী সফিকউল্যার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দু’জনের লাশ দাফন করা হয়।
সফিকউল্যা মিয়া ও তার স্ত্রীর মৃত্যুতে চাটখিল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মো: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলুসহ স্থানীয় সাংবাদিকগণ ও বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেছেন।



