আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নবম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার পালিত হবে। এ উপলক্ষে রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে পুরো উপজেলা বড় বড় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শ্রদ্ধা জানাচ্ছে ভক্তরা। বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আখতারুজ্জামান চৌধুরী বাবু ১৯৪৫ সালে আনোয়ারা হাইলধর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ৪ নভেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নবম জাতীয় সংসদে তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন সমাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু গণমানুষের জন্য কাজ করেছেন। তিনি ছিলেন গণমানুষের নেতা। তিনি অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আনোয়ারা প্রেস ক্লাবের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা ও দোয়া কামনা করছি।