নোয়াখালীর চাটখিল উপজেলার শ্রীনগর আনোয়ার উল্লাহ মুন্সি বাড়ির প্রবেশের রাস্তা নিয়ে ওই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলায় দুইজন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে একই দিনে বাড়ির জামাল চৌধুরী দোকানে হামলা, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে উভয় পক্ষ থানায় তিনটি অভিযোগ দায়ের করেছে।
ওই বাড়ির আবুল বারাকত বাদি হয়ে নিজ বাড়ির জাহাঙ্গীর হোসেনসহ অজ্ঞাতনামা আরো ৬-৭ জনকে আসামি করে প্রথম অভিযোগটি দায়ের করেন। অভিযোগে বারাকাত জানান জাহাঙ্গীরের সাথে তার পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। অপর দিকে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে গত রোববার সকালে চাটখিল থানায় পলাশসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩-৪ জন অজ্ঞাতনামাকে আসামি করে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তার নিজের জায়গায় বসতঘরের সামনের সিঁড়ি ও গেটের কাজ করতে গেলে আসামিরা তাদের কাজে বাধা সৃষ্টি করে। এতে বাধা দিতে গেলে তাদের হামলায় বাড়ির ইউসুফের মেয়ে শাহানা আক্তার শান্তনা (১৬) আহত হয়।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার তদন্ত চলছে।



