কক্সবাজারের টেকনাফের আশ্রয়শিবিরে ঘুমন্ত অবস্থায় এক রোহিঙ্গা নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়া ওই নারীর স্বামীকে অভিযান চালিয়ে আটক করেছে ১৬-এপিবিএন।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দাবি, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে।

নিহত নারীর নাম মোবারাজান (৩৪) আর আটক তার স্বামী মোহাম্মদ জাফর (৪০)। দুইজনই টেকনাফস্থ রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর ব্লক-সি/৬-এর বাসিন্দা।

টেকনাফস্থ ১৬-এপিবিএনের অধিনায়ক মো: তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটের দিকে টেকনাফস্থ ক্যাম্প ২৬-এর ব্লক-সি/৬-এ চিৎকার শুনতে পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে এক রোহিঙ্গা নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে তার স্বামী পলাতক হয়। তারপর এপিবিএন সদস্যরা নয়াপাড়া ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করে।

তারিকুল ইসলাম আরো জানান, প্রাথমিকভাবে জাফর জানিয়েছে, পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আটক মোহাম্মদ জাফরকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানা সোপর্দ করা হচ্ছে।