পাবনার বেড়ায় দৈনিক যুগান্তর, চ্যানেল আইয়ের পাবনা প্রতিনিধি ও পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতারের গ্রামের বাড়ির বাইরের রাস্তায় তিনটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ঢাকা থেকে বোমা নিস্ক্রিয় এক্সপার্ট টিম বেড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নগড়বাড়ি রঘুনাথপুর গ্রামে ওই সাংবাদিকের বাড়ির সামনে স্থানীয়রা লাল স্কচটেপ মোড়ানো বোমাসদৃশ তিনটি বস্তু দেখে আমিনপুর থানা পুলিশকে খবর দেয়।

আখতারুজ্জামান আখতার ররঘুনাথপুর গ্রামের মৃত আইউব আলীর ছেলে।

সাংবাদিক আখতারুজ্জামান আখতারের বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শামসুর রাহমান মিয়া বলেন, সস্ত্রীক এ বাড়িতে বসবাস করে আসছি। চার ভাই চাকরি সূত্রে ঢাকা, পাবনা ও রাজশাহীতে থাকেন। আমাদের সাথে কারো কোনো বিরোধ নেই। তিনি আরো জানান, সকালে আবুল কাশেম নামের এক প্রতিবেশী প্রথমে বস্তুগুলো দেখতে পান। তার ডাকেই গেট খুলে ঘরের পাশে বোমাসদৃশ বস্তুগুলো দেখতে পাই আমরা। তাৎক্ষণিক তিনি পুরানভারেঙ্গা ইউপি চেয়ারম্যান এ এম রফিকুল্লাসহ পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে থাকা আমিনপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী জানান, বাড়ির গেটের পাশে রাখা বোমাসদৃশ বস্তু তিনটি কী-তা বোঝা যাচ্ছে না। এ বিষয়ে বোমা এক্সপার্টরা এলে বলা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৪টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শুক্রবার বেলা ১১টার মধ্যে ঢাকা থেকে বোমা নিস্ক্রিয় এক্সপার্ট আসবে। সে পর্যন্ত পুলিশ ওই জায়গা ঘিরে রাখবে বলে ওসি জানান।