দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে খনি কর্তৃপক্ষের দায়েরকৃত মামলা প্রত্যাহার ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন খনি শ্রমিকরা।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম চৌরাস্তার মোড়ে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও শ্রমিক লীগের যৌথ আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান লিখিত বক্তব্যে বলেন, খনির কয়লা উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকার স্থানীয় শ্রমিক খনির সূচনা থেকে প্রায় ২০-২২ বছর ধরে ৪০ থেকে ৪৫ তাপমাত্রায় ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন করছেন। আমাদের রক্ত কণিকায় কয়লা মিশে গেছে। এই শ্রমের ঘাম ঝরানো প্রতিটি ফোঁটায় মিশে আছে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রয়াত পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের স্বপ্ন।
দুঃখের বিষয় শ্রমিকদেরকে কাজে যোগদান করার তালবাহানা করায় চুক্তি মোতাবেক আমরা কথা বলতে গিয়ে ২০২০ সালের ২৫ জুলাই শ্রমিকসহ নেতাকর্মীদের ৪১ জনের নামে এবং ২০২১ সালের ৮ মার্চ ২৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে চলমান রয়েছে। এ দিকে কাজে যোগদান করতে না পারায় বর্তমানে আমাদের পরিবার পরিজন দুশ্চিন্তায় মানবেতর জীবনযাপন করছি।
এ দিকে কোয়ারেন্টিনে থাকা এখনো প্রায় সাড়ে ৯০০ শ্রমিক রয়েছে, তাদেরকে আংশিক বেতন দেয়া হচ্ছে। খনিতে কিছু শ্রমিককে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ১৯ মাস ধরে খনি কর্তৃপক্ষ আমাদেরকে হয়রানি করছে। নিরুপায় হয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।



