দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় রাতের আঁধারে নিজ বাড়িতে হত্যার শিকার হয়েছেন এক বৃদ্ধ দম্পতি। শুক্রবার (৫ নভেম্বর) উপজেলার নিরসা পলাশবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে হত্যাকারী এখনো অজ্ঞাত।

নিহতরা হলেন পলাশবাড়ী এলাকার মৃত আহাদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী ফেন্সী বেগম (৫০)। তারা নয়া দিগন্তের দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সংবাদদাতা সৈয়দ রোকনুজ্জামানের খালা-খালু।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে সাড়াশব্দ না পেয়ে বাড়িতে ঢুকে বিছানায় স্বামী-স্ত্রীর লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এলাকাবাসী জানান, রাতে ঘুমন্ত অবস্থায় তাদেরকে হত্যা করা হতে পারে। ফেন্সী বেগমের মুখে টেপ পেঁচানো রয়েছে। হাফিজুলের লাশ বিছানায় কম্বল দিয়ে ঢাকা ছিল।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, হত্যার ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করা হচ্ছে। ময়নাতদন্তের পর প্রতিবেদেন পেলে বিস্তারিত বলা যাবে।