নওগাঁর বদলগাছীতে এক অজ্ঞাত ব্যক্তির মাথার খুলি উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার বেলা ২টায় উপজেলার মথরাপুর ইউপির গোবরচাঁপা বাজার এলাকার ব্রিজের নিচ থেকে ওই খুলিটি উদ্ধার করা হয়।
এর আগে আশপাশের এলাকার ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির পা ও পার্শ্ববর্তী উপজেলায় নদীতে ভাসমান অবস্থায় মাথাবিহীন দেহ উদ্ধার করা হয়েছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাজারের এক দোকানী প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে একটি অজ্ঞাত ব্যক্তির মাথার খুলি দেখতে পান। বদলগাছী থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই মাথার খুলি ও পাশে রাখা ২টি বস্তা উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ওই খুলি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর মথুরাপুর ইউপির চকগোপিনাথ গ্রামের একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির পা উদ্ধার করা হয়। গত ২ নভেম্বর পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তুলশীগঙ্গা নদী থেকে মাথাবিহীন দেহ উদ্ধার করে আক্কেলপুর থানা পুলিশ। এ ব্যাপারে আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে।



