পাবনা-ঢাকা মহাসড়কের বেড়ার চাকলা চারমাথা মোড়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন শুভ (২৭) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তার স্ত্রী গাইনি চিকিৎসক মাইশা আনজুম চৌধুরী (২৪)।
নিহত শুভ বেড়া পৌর এলাকার সান্যালপাড়া গ্রামের চাল ব্যবসায়ী ফজলুল হকের ছেলে এবং আহত মাইশা শাঞপাড়া গ্রামের মাইদুল চৌধুরীর মেয়ে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় শুভ নিজ মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে কাশিনাথপুর থেকে বেড়া পৌর এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন। পাবনা-ঢাকা মহাসড়কের চাকলা পারমাথা মোড়ে একটি একটি নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে স্বামী-স্ত্রী দু’জনই মারাত্মক আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে বেড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
আহত ডাক্তার মাইশার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, কয়েক বছর আগে শুভর বড় ভাই ইঞ্জিনিয়ার রুমি যশোরে সড়ক দুর্ঘটনায় মারা যান।



