চুরি করতে গিয়ে গৃহস্থের হাতে ধরা পড়েছিল চোর। কিন্তু সুযোগ বুঝে গৃহস্থকেই খুন করে পালিয়ে চোর পালিয়ে গেল সেই চোর। চোরের হাতে নিহত ব্যক্তির নাম সুলতান আহম্মদ (৫৭)। এ সময় চোরের হামলায় ওই গৃহস্তের ভাতিজা ইকবাল হোসেনও (৩৩) গুরুতর আহত হন।

রোববার চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোর ৫টায় উপজেলার ভাটিয়ারী জাহানাবাদ খাদেমপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সুলতান আহমদ ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে দেখেন, এক চোর ঘরের পেছন দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। এ সময় সুলতান আহম্মদ চোর-চোর চিৎকার করে তাকে জাপটে ধরে ফেলেন। এক পর্যায়ে ওই চোর নিজেকে ছাড়িয়ে নিতে সুলতানের ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে সুলতান গুরুত আহত হন। পরে সুলতানের চিৎকার তার ভাতিজা ইকবাল এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই চোর।

পরিবারের লোকজন সুলতানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা রুজু হবে।