গরু চোর ধরতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেছে মাগুরা শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের কৃষক সাজ্জাদ হোসেনের (৩৫)। তবে গরু চোর চক্র চোরাই গরুভর্তি ট্রাকসহ পালিয়ে গেছে। শনিবার দিবাগত শেষ রাতে এ ঘটনা ঘটে। রোববার এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো: জহিরুল ইসলাম।

নিহত সাজ্জাদ পুকুরিয়া গ্রামের সাহেব লস্করের ছেলে। নিহতের ভাই সাইদ লস্কার বলেন, ভোর রাতে সংঘবদ্ধ চোর আমাদের গোয়াল থেকে তিনটি গরু চুরি করে ট্রাকে নিয়ে পালানোর সময় আমার ভাই তাদের পিছু নেয়। মোটরসাইকেল নিয়ে ট্রাকটির গতিরোধ করার চেষ্টা করলে আসবা এলাকায় তাকে ট্রাকচাপা দিয়ে হত্যা করে গরু নিয়ে পালিয়ে যায় চোররা।

মাগুরার পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সংঘবদ্ধ চোর চক্রকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।