খুলনার পাইকগাছায় মুক্তিপণের দাবিতে আমিনুর রহমান (২০) নামে এক কলেজছাত্রকে অপহরণের ঘটনায় ফয়সাল সরদার নামে একজনকে আটক করেছে পুলিশ।

অপহৃত আমিনুর উপজেলার শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এ ঘটনায় আটক ফয়সাল গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রোববার রাত আনুমানিক ৯টার দিকে চার থেকে পাঁচজনের একটি অপহরণকারী চক্র উপজেলার আগড়ঘাটা বাজার থেকে আমিনুর রহমানকে অপহরণ করে।

এরপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে আমিনুরের ব্যবহৃত ফোন দিয়ে ওই দিন রাত ১০টার দিকে তার বাবা ছুরমান গাজীর কাছে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় মুক্তিপণের টাকা পাইকগাছা ব্রিজের নিচে রাখতে বলা হয় বলেও জানানো হয়। পরে মুক্তিপণের কিছু টাকা ওই স্থানে রেখে কঠোর নজরদারিতে রাখা হয়।

সোমবার দুপুর ১টার দিকে নির্দিষ্ঠ স্থান থেকে টাকা নিয়ে চলে যাওয়ার সময় চারপাশে মোতায়ন করা লোকেরা অপহরণকারী ফয়সাল সরদারকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়। সে নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দেন। তার সাথে আরো চার থেকে পাঁচজন রয়েছে বলে অপহৃতের বাবা ছুরমান গাঝী জানান।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, অপহরণের ঘটনায় ফয়সাল সরদার নামে একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। অপহৃতকে উদ্ধার চেষ্টার পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদেরকেও আটকের চেষ্টা চলছে।