পুলিশ নিয়োগে স্বচ্ছতা হয়েছে মন্তব্য করে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, পুরনো পুলিশ নিয়োগ প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। প্রধানমন্ত্রীর রূপকল্প আগামী ২০৪১ সালের মধ্যে আমরা ধনী ও আধুনিক দেশে পরিণত হবো। ধনী ও আধুনিক দেশে রূপান্তরিত হলে আধুনিক পুলিশ বাহিনী প্রয়োজন। আর দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা মুহূর্তের মধ্যে সম্ভব না। ওই সময়ে সমাজ ও রাষ্ট্র কাঠামো এবং জনগণের চাহিদার প্রয়োজনে যে আইনশৃঙ্খলা মোকাবেলা করতে হবে তা এখন থেকেই দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার দুপুরে নওগাঁ শহরের ডিগ্রির মোড়ে পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে উদ্বোধনে তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, আমাদের লক্ষ্য দুটো। জব মার্কেট থেকে সেরা মেধাবী ও ফিটনেস ছেলেমেয়ে আসবে এবং দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা। এতে করে আমরা সর্বাধুনিক পুলিশ বাহিনী পেতে সক্ষম হবো। সাতটি ফিজিক্যাল ধাপ অতিক্রম করে কনস্টেবল পদে স্বচ্ছতার সাথে নিয়োগ দেয়া হয়েছে।
আইজিপি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা পর্যায়ে এমন শপিংমলের কার্যক্রম চালু করা হবে। এই অঞ্চলের মানুষের জন্য একটি উপহার। এই আধুনিক শপিংমলের মাধ্যমে সর্বাধুনিক জীবনযাত্রার স্পর্শ পাবে। এই জেলায় যারা পুলিশে কাজ করে তাদের জন্য অর্থনৈতিক দিক দিয়ে সুবিধা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি ও গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, জেলা প্রশাসক হারুন অর রশীদ, জেলা সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ শপিংমলে প্রায় সাড়ে ১২ হাজার বিভিন্ন ধরনের পণ্য থাকবে। শীতাতাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ও মনোমুগ্ধকর পরিবেশে পণ্য কিনতে সহযোগিতা করবেন ৪০ জন প্রশিক্ষিত স্মার্ট তরুণ-তরুণী। জন্মদিনসহ যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে হলরুম। মূল্য পরিশোধে আছে ক্রেডিট, ডেবিট কার্ড, বিকাশ, রকেট কিংবা নগদের সুবিধা। শপিংমল জুড়েই সিসি ক্যামেরা।
নওগাঁর বদলগাছী উপজেলার কৃতী সন্তান তৈয়ব উদ্দিন আহমেদ। তিনি ১৯৬১ সালে পিএসপি কর্মকর্তা হিসেবে পুলিশে যোগ দেন। চাকরি জীবনে আইজিপি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি অবসরে যান।
নওগাঁ শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার ডিগ্রি মোড় সংলগ্ন স্থানে কয়েক কোটি টাকা মূল্যের ৪৬ শতাংশ জমি জেলা পুলিশকে দান করেন। জমি দানের বিষয়টিকে স্থানীয় পুলিশ ও এলাকাবাসী বিস্ময়ের সঙ্গে প্রশংসা করেছেন। সেই জমির ওপর জেলা পুলিশের কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে পরিকল্পনার অংশ হিসেবে ‘পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে’ ভবন নির্মাণ করা হয়।