নওগাঁর রাণীনগরে ২টি তুলার মিলে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে গেছে। এতে দুটি মিলের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাণীনগর ও নওগাঁর ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার কুবড়াতলি বাজার এলাকায়।
মিল মালিক বাদল হোসেন জানান, দুপুর অনুমান দেড়টা নাগাদ কর্মচারীরা মিলের ভেতরে কাজ করছিল। এ সময় হঠাৎ করেই মিলের ভেতরে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে মিলের গোডাউনসহ চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। একই সময় পাশে অবস্থিত আনোয়ার হোসেনের তুলার মিলেও আগুন ছড়ায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস রাণীনগরের দুটি ও নওগাঁ থেকে আসা একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে তার মিলের তুলা, ঘর, যন্ত্রাংশসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অপর মিল মালিক আনোয়ার হোসেন বলেন, বাদলের মিলের আগুন তার মিলে ছড়িয়ে পড়ে। এতে মিলের সমস্ত পুড়ে ছারখার হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রাণীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মিলের ভেতরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমাদের দুইটি ইউনিট ও নওগাঁ ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।



