পদ্মা নদীর রাজবাড়ীর ধাওয়াপাড়া এলাকায় নাব্যতা প্রচন্ড সঙ্কট দেখা দিয়েছে। প্রতি বছরের মতো এবারো রাজবাড়ী সদরের জৌকুড়া ঘাটের কাছে বিশাল বিশাল চর পরে এ নৌ-রুটের প্রায় তিন কিলোমিটার এলাকা শুকিয়ে গেছে। যে কারণে রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌ-রুটে মঙ্গলবার বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ।

দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের সহজ ও কম সময়ে সড়ক পথে যোগাযোগের জন্য বিগত ১৯৯৭ সালে বিএনপি সরকার এ নৌরুটে দুটি ইউটিলিটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করে ফেরা সাভিস চালু করে। দীর্ঘ লাভজনক এ নৌ-পথে ২০১২ সাল থেকে পদ্মায় পানি কমে চর পরতে শুরু করায় প্রতি বছর শুস্ক মোসুমে নভেম্বর মাসে ফেরি বন্ধ হয়ে যায়।

লাভজনক এই নৌরুটে ড্রেজিং করে নৌপথ চালু রাখতে দীর্ঘ দিন ধরে দাবি করে আসছে যানবাহন চালক ও এলাকার ব্যবসায়ীরা। কিন্তু ড্রেজিং করা হচ্ছে না।

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান জানিয়েছেন, পদ্মা নদীতে হঠাৎ করেই নাব্যতা সঙ্কট দেখা দিয়েছে। ফলে এ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে যে কোনো সময় ফেরি চরে আটকে যেতে পারে। যে কারণে ফেরি ঘাট স্থানান্তর করতে অনির্দিষ্ট কালের জন্য এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘাট স্থানান্তর করার পরই ফেরি চলাচল শুরু করা হবে।