সাতক্ষীরার তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক নিহত ও অপর দুজন আহত হয়েছেন। বুধবার বিভিন্ন সয়ম ভিন্ন ভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সন্নিকটে মোটরসাইকেল চালক ইঞ্জিনচালিত একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে পথচারী পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুল আলিমকে (৩৮) ধাক্কা দিলে চালকসহ দুজন গুরুতর আহত হন।
এ সময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করে। মোটরসাইকেল চালক আব্দুল্লাহ গাজীর (৩৫) অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের শাহাজান গাজীর ছেলে।
এদিকে সকাল ১০টার দিকে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সন্নিকটে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তালার গণডাঙ্গা গ্রামের মৃত হাজারী লাল হালদারের ছেলে সুবাস হালদার (৭০) আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিকে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, দুর্ঘটনার খবর জানতে পেরেছি অফিসারকে পাঠিয়েছি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।



