ভোলায় মেয়ের জন্য মাছ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আবদুল হাসেম মাল (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ভোলা-চরফ্যাশন মহসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার দুপুর ২.৩০-এ ভোলা-চরফ্যাশন মহাসড়কের তালতলি বাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হাসেম মাল সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রুহিতা গ্রামের মালেগো বাড়ির আশাদ আলী মালের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবদুল হাসেমের মেয়ে চট্টগ্রাম থাকেন। সেখান থেকে আসবে শুনে সকালে বাজার থেকে মাছ কিনতে জান তিনি। দুপুরে ভোলার বাসস্ট্যান্ড থেকে তালতলি বাজারে বোরাক থেকে নেমে বাড়ি যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোলা-চরফ্যাশন মহাসড়কে তালতলী নামক বাজারে আবদুল হাসেম মাল (৮০) নামের বৃদ্ধ রাস্তা পারাপারের সময় চরফ্যাশন থেকে ভোলাগামী দিগন্ত নামের একটি বাসচাপায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। ঘটনার পর সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। আমরা সাধারণ মানুষের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছি, এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ভোলা-চরফ্যাশন মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকবে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে তালতলি এলাকায় সাধারণ মানুষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।






