নোয়াখালীর চাটখিল উপজেলায় ভাতিজাকে হত্যার দায়ে তার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে রায়ে আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত বিধান চন্দ্র দাস চাটখিল উপজেলার মধ্য দশঘরিয়া গ্রামের দাস বাড়ির মৃত নেপাল চন্দ্র দাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ২০১৭ সালের ১০ জানুয়ারি দুপুরে আসামি বিধান চন্দ্র দাস তার ভাতিজা পূর্ণ চন্দ্র দাস ওরফে ডেঙ্গুকে চাটখিল উপজেলার দশঘরিয়া বাজারে মাছ বিক্রিকালে হঠাৎ এসে পেছন থেকে চুলের মুঠি ধরে গলায় ছুরিকাঘাত করে গলা কেটে দেয়। এরপর বুকে পিঠে পরপর চুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক অন্যান্য মাছ বিক্রেতাসহ বাজারের লোকজন আসামি বিধান চন্দ্রকে ধরে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী পলি চন্দ্র দাস চাটখিল থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য-শুনানি শেষে মামলার প্রায় সাড়ে চার বছর পর আজ আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বিচারক।

জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল জানান, আসামি বিধান চন্দ্র দাস আদালতে ভাতিজা পূর্ণ চন্দ্র দাসকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। আজ মামলার রায় হয়েছে।