বরগুনায় নানার বিরুদ্ধে ১২ বছরের নাতিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ১১টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (ইনস্পেক্টর, তদন্ত) শহিদুল ইসলাম মিলন।
পুলিশ সূত্রে জানা যায়, ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢালুয়া ইউনিয়নের পোটকাখালী আবাসন এলাকার বাবুল খন্দকারের (৫৫) দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। বাবুল একই এলাকার মৃত সত্তার খন্দকারের ছেলে। অভিযুক্ত ধর্ষক বাবুল এবং ওই শিক্ষার্থী সম্পর্কে নানা-নাতি।
তিনি বলেন, শিশুটির বাড়িতে কেউ না থাকায় পাশের ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে বাবুল। পরে শিশুটি চিৎকার করলে এলাকার লোকজন এগিয়ে এসে ঘর থেকে অভিযুক্ত বাবুলকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
শিশুটির মা বলেন, আমার মেয়েকে নাতি বলে ডাকতেন বাবুল। বিভিন্ন সময়ে আমাদের ঘরে আসতেন এবং সকলের খোঁজ খবর নিতেন। এখন শুনতে পেলাম এর আগেও একাধিকবার আমার মেয়েকে ধর্ষণ করেছে।
বরগুনা সদর থানার (ওসি, তদন্ত) শহিদুল ইসলাম মিলন বলেন, ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার শিশু ও বৃদ্ধকে সদর থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এ বিষয়ে শিশুটির পরিবার থেকে লিখিত অভিযোগ পাইনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।






