দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের নির্শা কাজল দীঘি গ্রামের নিজ ঘরে হাফিজুর রহমান ও তার স্ত্রী ফেনসিয়ারাকে খুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় দায়ের করা মামলায় বুধবার তিনজনকে এবং আজ বৃহস্পতিবার একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ধরঞ্জী গ্রামের রাজা মিয়ার ছেলে রাজন মিয়া (২৫) ও একই গ্রামের এনামুল হকের ছেলে উজ্জল হোসেন (২৫) এবং নিহত হাফিজুরের ছেলে আ: মতিন ওরফে মিঠু (৫০) ও পলাশবাড়ীর নাহিদ।

পুলিশ জানায় নিহত হাফিজুরের ছেলে মিঠু জমির দলিল চুরি করতে তার সহযোগীদের নিয়ে বাড়ীতে ডাকাতির সময় গৃহকর্তাকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাদেরকে হত্যা করে। পরে তাদের ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

এ বিষয়ে নিহত হাফিজুরের ছোট ছেলে মো: আবাদুল মালেক বাদি হয়ে অজ্ঞাতনামাকে অভিযুক্ত করে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ ওই মামলার রহস্য উদঘাটনসহ উপরোক্ত জড়িতদের গ্রেফতার করে।