লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে (দ্বিতীয়বার) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও বর্তমান চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ। একই ইউনিয়নে তার ছেলে ইসলামী আন্দোলন সমর্থিত মুফতী নুরুল্লাহ খালিদ ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪ হাজার ৭৬৮ ভোট পেয়ে খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু ৩ হাজার ৭৯৭ ও নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগর ১ হাজার ৫১৩ ভোট পেয়েছেন।

এদিকে মাওলানা খালেদ সাইফুল্লার ছেলে মুফতী নুরুল্লাহ খালিদ ৭০০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

এ ব্যাপারে খালেদ সাইফুল্লাহ বলেন, আল্লাহর রহমতে সততার সাথে ৫ বছর পরিষদ চালিয়েছি। মানুষকে ন্যায্য অধিকার পাইয়ে দিয়েছি। তারা আমাকে ও আমার ছেলেকে ভোট দিয়ে জয়ী করেছেন। জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আমি চাই, আমার সন্তানরা যেন সারাজীবন জনগণের খেদমত করতে পারে।