দিনাজপুরের নবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টর ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

নিহতরা হলেন, উপজেলার বল্লভপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম (৩৫) ও তার ছেলে কাওছার হোসেন (৮)।

শুক্রবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুর গ্রামের পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, শুক্রবার বিকেলে কবিরুল ইসলাম আত্মীয় বাড়ি থেকে পরিবার নিয়ে ইজিবাইকে নিজ বাড়ি বল্লভপুর গ্রামে আসবার সময় উপজেলার গাজীপুরের পাকা রাস্তায় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিশু কাওছার মারা যায়। পরে স্থানীয়রা কবিরুল ইসলাম ও তার স্ত্রী, মেয়ে এবং নবজাতক শিশুকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিক্যালে নেয়ার পথে কবিরুল ইসলাম মৃতবরণ করেন।

তিনি আরো জানান, গাড়িরচালকসহ অনান্যরা পালিয়ে যাওয়ায়, ঘটনাস্থল থেকে বালু বোঝাই ট্রাক্টরটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নিহত কবিরুল ইসলামের বাবা আশরাফুল ইসলাম মামলা করেছেন।