মাদারীপুরের কালকিনি ও নবগঠিত ডাসার উপজেলার ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় বসতবাড়ি ও দোকানঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই উপজেলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত হয়েছেন ১০ জন।
শুক্রবার সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর, লক্ষ্মীপুর ও ডাসার উপজেলার শশিকরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী গেন্দু কাজীর সমর্থকদের ওপর রায়পুর এলাকায় হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর-লুটপাট করা হয়। বাধা দিতে এলে অন্তঃসত্ত্বা গৃহবধূসহ ৫ জন আহত হন। খবর পেয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বিজয়ী প্রার্থী মৌসুমী হকের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকরে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিভূতি ভূষণ বাড়ৈর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে বিজয়ী প্রার্থী দুলাল তালুকদারের সমর্থকরা। এ সময় ৫ জন আহত হয়েছেন।
অপরদিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান সেলিমের লোকজন নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদারের সমর্থকদের প্রায় ৩০টি বসত বাড়ি ও প্রায় ২০টি দোকার ঘর ভাংচুর করেছে।
খবর পেয়ে বিজয়ী চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার তার কর্মী-সমর্থকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ নভেম্বর) কালকিনি ও ডাসারের ১২ ইউনিয়নে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।



