জ্ঞাত আয় বহির্ভূত অর্থ উপার্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল আদালত রবিউল ইসলামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ অর্র্থসম্পদ থাকায় নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের বিরুদ্ধে দুদক একটি মামলা দায়ের করে। এ মামলায় রবিউল উচ্চ আদালত থেকে তিনি অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি নিম্ন আদালতে হাজির হন। এ দিকে জ্ঞাত আয় বহির্ভূত অর্থ উপার্জনের দায়ে দুদকের পক্ষ থেকে রবিউল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহারের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক নীল কমল পাল বাদি হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের স্ত্রী কামরুন্নাহারের আয়কর রিটার্নে প্রদর্শিত নিজের স্থাবর, অস্থাবর ও স্বামীর কাছ থেকে উপহার বাবদ প্রাপ্ত অর্থ সম্পদের চেয়ে ৩৮ লাখ ৩৪ হাজার ৬৫২ টাকার সম্পদ বেশি পাওয়া গেছে।
দুদক সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক জাকারিয়া জানান, বর্তমান সময়ে অনিয়ম ও দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই।
রবিউল ইসলামের স্ত্রী কামরুন্নাহার কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।