লক্ষ্মীপুর জেলায় ট্রাকচাপায় সানজিদা আক্তার (১৪) ও ফাহমিদা আক্তার (১৬) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ জেলা সড়কের সদর উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের বাসিন্দা আরিফুর রহমানের মেয়ে ও ফাহমিদা আলমগীর হোসেনের মেয়ে।

সানজিদা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও ফাহমিদা ঢাকার সেগুন বাগিচা গার্লস হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী। দু'জনে সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

জানা গেছে, আরিফুর রহমান তার পরিবার নিয়ে লক্ষ্মীপুর পৌর শহরে ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে সানজিদা ও ভাগনি ফাহমিদাকে নিয়ে মোটরসাইকেলযোগে তিনি গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল পৌঁছলে তারা দুজন মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় রামগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে একই সড়কের আটিয়াবাজার এলাকায় জনতা ট্রাকটি আটক করে। এ সময় চালককে আটক করে পুলিশে সৌপর্দ করে স্থানীয় জনতা। তবে এ ঘটনায় মোটরসাইকেল চালক আরিফুর রহমানের কিছু হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসসকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়েছে পুলিশ। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।