দ্বিতীয় ধাপে ইউনিয়ন নির্বাচনে বগুড়ার শেরপুরে মেম্বর প্রার্থী হেরে যাওয়ায় চার গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র বাঁশের সাকোটি ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে। চরবেলগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সুঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডে বেলগাছী গ্রামের মেম্বার প্রার্থী আবু সাঈদ খাঁন রঞ্জু (টিউবলের মার্কা) ও তার প্রতিদ্বন্দ্বী চরকল্যানী গ্রামের নুরনবী মণ্ডল হিটলারের (মোরগ মার্কা) সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায়। এতে বেলগাছী গ্রামের মেম্বর প্রার্থী আবু সাঈদ খাঁন রঞ্জু’র সমর্থকরা ক্ষিপ্ত হয়ে চরকল্যানী, চর বেলগাছী, চর বিনোদপুর, বেলগাছী গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র খালের উপর চরবেলগাছী এলাকার বাঁশের সাকো বৃহস্পতিবার ভেঙ্গে দিয়ে তাদের যাতায়াত বিছিন্ন করে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে চরবেলগাছী গ্রামের বাছেদ, আবু সালেম, আব্দুল ছোবাহান জানান, যেহেতু আবু সাঈদ খাঁন রঞ্জু’র বাড়ি বেলগাছী আর সেখানে ব্রিজ আছে তাই বেলগাছী দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। সেজন্য তারা চরবেলগাছীর বাঁশের সাকো ভেঙ্গে দিয়েছে যেন বেলগাছী না যেতে পারি।

আবু সাঈদ খাঁন রঞ্জু বলেন, আমি বা আমার সমর্থকরা বাঁশের সাকো ভাঙ্গেনি। তবে বিজয় প্রার্থী হিটলারের সমর্থকরা মিছিল নিয়ে আসতে ভেঙ্গে যেতে পারে।

এ ব্যাপারে বিজয়ী মেম্বার প্রার্থী নুরনবী মণ্ডল হিটলার জানান, রাতে কারা যেন বাঁশের সাকোটির মাঝখানে কেটে দিয়ে খুঁটিগুলো ভেঙ্গে ফেলেছে, আমি জানি না। তবে এ বাঁশের সাকোটি গ্রামের মানুষ ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা করে চাঁদা তুলে নির্মাণ করেছিল কয়েকটি গ্রামের যাতায়াতের সুবিধার্থে। যারা ভেঙ্গেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।