নওগাঁয় ইউপি নির্বাচনী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ষে এক গ্রাম পুলিশসহ আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলার মান্দা উপজেলার ৫ নম্বর গণেশপুর ইউপির সতিহাট বাজারে এঘটনা ঘটে। এ ঘটনার জেরে দফায়-দফায় ধাওয়া-পাল্টাধাওয়াসহ বিচারের দাবিতে সড়ক অবরোধ করে উভয় পক্ষের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান বাবুল চৌধুরীর সমর্থক কছির উদ্দিন চৌধুরী হাফেজিয়া ও এতিমখানা মাদরাসার মৌলভী মাওলানা সাইফুল ইসলাম শান্ত সতিহাট আলেপের কাপড়ের দোকানে অবস্থান করছিলেন। ওই সময় মাওলানা সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।