কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের সাত দিন পর একটি খাল থেকে ফাহিমা আক্তার নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে দেবিদ্বার পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর আকবর সরকারের বাড়ির একটি খালের ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিশু ফাহিমা আক্তার (৫) দেবিদ্বার পৌরসভার চাপানগর উত্তর পাড়া এলাকার ট্রাক্টর চালক মো: আমির হোসেনের মেয়ে। ঘটনাস্থল পিবিআই ও দেবিদ্বার থানা পুলিশের দুটি টিম পরিদর্শন করেন।

পুলিশ জানায়, কাচিসাইর এলাকার একটি খালে শিশুটির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ফাহিমা গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। এ নিয়ে দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়রি করেন তার বাবা। সকালে শিশুর লাশ উদ্ধারের সংবাদ শুনে ফাহিমার দাদা মো: জহিরুল ইসলাম ও বাবা মো: আমির হোসেন ছুটে আসেন। গায়ের কাপড় দেখে ফাহিমার লাশ শনাক্ত করেন।

ফাহিমার বাবা মো: আমির হোসেন জানায়, আমি ট্রাক্টরে কাজ করি। আমার পরিবারের সাথে কারো কোনো শত্রুতা নেই। গত ৭ তারিখ আমার মেয়ে বাড়ি থেকে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করি। এরপরও ফাহিমার সন্ধান না পেয়ে গত ১১ তারিখ দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়রি করি।

দাদা মো: জহিরুল ইসলাম বলেন, ব্যাগে পাওয়া অর্ধগলিত লাশটি আমার নাতনি ফাহিমার। তাকে কে বা কারা মেরে এখানে ফেলে গেছে আমরা জানি না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে রহস্য বের করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান জানান, শিশু ফাহিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালেরর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই কর্মকর্তারা এসেছে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে অতি শিগগিরই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।