সুস্থ থাকা সত্ত্বেও অসুস্থ সেজে একা একটি কক্ষে এসএসসি পরীক্ষা দিলেন বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল্লাহ ফকির।

রবিবার (১৪ নভেম্বর) শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিজেকে অসুস্থ দেখিয়ে শ্রিফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সিকবেডে বসে পরীক্ষা দিয়েছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির আসলে অসুস্থ নন। কিন্তু এসএসসি পাসের দীর্ঘদিনের অভিলাশ থাকায় তিনি এ অনৈতিক সুবিধা গ্রহণ করে পরীক্ষা দিচ্ছেন।

এতদিন পরে এসএসসি পরীক্ষা কেন দিচ্ছেন - এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ। এ ব্যাপারে তিনি বলেন, পরাশুনার কোনো বয়স নেই। তাই পরাশুনা করছি।

শ্রিফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কারিগরি শাখার কেন্দ্র সচিব মো: জাহিদুল হক বলেন, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মো: আব্দুল্লাহ ফকির নিজেকে অসুস্থ দেখিয়ে সিকবেডের আবেদন করেছেন। সেই আবেদনের প্রেক্ষিতে তাকে আমরা ‘অসুস্থ শয্যায়’ পরীক্ষার অনুমতি দিয়েছি।