মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার দুর্গে আওয়ামী লীগের এক চেয়ারম্যান প্রার্থীর ভরাডুবি হয়েছে। শুধু তা-ই নয়, এবারই প্রথমবারের মতো জামানত হারিয়েছেন চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মজিবর রহমান মোল্লা। বৃহস্পতিবার অনুষ্ঠিত মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ভরাডুবি হয়। এ ইউনিয়নের নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মৌসুমী হক সুলতানা।
নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মৌসুমী হক সুলতানা পেয়েছেন ৫ হাজার ৪০২ ভোট। তার নিকটতম হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী, তিনি পেয়েছেন ৪ হাজার ৫৭৩ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবর রহমান মোল্লা পেয়েছেন মাত্র ৩২৫ ভোট। আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে বিজয়ী প্রার্থী ৫ হাজার ৭৭ ভোট বেশি পেয়েছেন। আর প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোটও পাননি আওয়ামী লীগ প্রার্থী। এ কারণে তাকে জামানত হারাতে হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলেন, এবারের নির্বাচনে দলীয় প্রার্থী অনেকের পছন্দের ছিল না। টাকার বিনিময়ে মনোনয়ন দেয়া হয়েছে। সে কারণে স্থানীয় আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতা তার পক্ষে কাজ করেনি। এর চেয়ে যারা দলের জন্য কাজ করেছেন তাদেরই ভোট দিয়েছে মানুষ।
তবে পরাজয় প্রসঙ্গে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকা বলেন, মাদারীপুর আওয়ামী লীগের ঘাঁটি। এখানে যত জাতীয় নির্বাচন হয়েছে সবটাতেই আওয়ামী লীগ জয়ী হয়েছেন। কিন্তু এবার ইউপি নির্বাচনে এক প্রভাবশালী নেতার অনৈতিক বাণিজ্যের কারণে নৌকার পরাজয় হয়েছ। এতে আমরা আশাহত হয়েছি।



