বগুড়ার শাজাহানপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্রে করে সহিংসতা, নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীকে না পেয়ে তার স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ভয়ে থানায় অভিযোগ দেয়ারও সাহস পাচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। রোববার সকালে উপজেলার আশেকপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী বিএনপি নেতা ইদ্রিস আলী সাকিদার এবং খোট্টাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান সুমন এ তথ্য নিশ্চিত করেন।
নৌকার প্রার্থী ফিরোজ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, এসব মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির জানান, স্বতন্ত্রপ্রার্থী ইদ্রিস আলী সাকিদার মৌখিকভাবে তাকে জানিয়েছেন। তাকে লিখিতভাবে অভিযোগ দিতে বলা হয়েছে।
রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং নির্বাচনে কোনো প্রকার সহিংসতা মেনে নেয়া হবে না।