গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আবদুর রউফকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আরিফ মিয়াকে (২৭) গ্রেফতার করছে র্যাব।
রোববার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।
অভিযুক্ত আরিফ মিয়া গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুরের কুটি গ্রামের হায়দার আলীর ছেলে।
র্যাব জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ মিয়া পলাতক ছিল। শনিবার রাতে তাকে পঞ্চগড়ের বোদা উপজেলার একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এর আগে নিহত রউফের বড় বোন মমতাজ বেগম বাদি হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় আরিফ মিয়াকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া ছয় থেকে সাতজনকে অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
মামলা হওয়া ও প্রধান আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ। তিনি বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।