চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যামামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আওয়ামী লীগ নেতা বশির আহমদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত ৭টার দিকে উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া এলাকায় তার নিজ বাড়ি থেকে র্যাব-৭ এর একটি দল তাকে গ্রেফতার করেন। পরে গত শনিবার রাত আড়াইটার দিকেই সাতকানিয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
বশির আহমদ চৌধুরী সাতকানিয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এলাকার মৃত আহম্মদ হোসেনের ছেলে ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি। তার বিরুদ্ধে চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সোনাকানিয়ার বাংলাবাজারের মির্জাখীল দরবার শরিফের সামনের সড়কে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের তৎকালীন সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন নিহত চেয়ারম্যানের স্ত্রী সৈয়দা রওশন আক্তার বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ১৩ ডিসেম্বর চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত বশির আহমদ চৌধুরী ও তার ভাগিনা সাতকানিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: নেজাম উদ্দিনসহ ১০ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। মৃত্যুদণ্ডের আদেশের পর থেকে বশির আহমদ চৌধুরী পলাতক ছিলেন।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত শনিবার র্যাব-৭ এর একটি দল আমজাদ চেয়ারম্যান হত্যা মামলার পলাতক আসামি বশির আহমদ চৌধুরীকে গ্রেফতারের পর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে সাতকানিয়া, বান্দরবান, লামা, ও লোহাগাড়া থানায় হত্যা ও অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।