পাইকগাছায় দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণে নিজেদের ছেলেকে সহযোগিতার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। ওই স্কুলছাত্রীকে অপহরণকারীর নাম সুব্রত দেবনাথ।
অপহরণের শিকার স্কুলছাত্রী উপজেলার মঠবাটি গ্রামের বাসিন্দা ও ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
সুব্রত দেবনাথের আটক বাবা-মা হলেন পরিতোষ দেবনাথ ও তার স্ত্রী নমিতা দেবনাথ।
রোববার (১৪ নভেম্বর) রাতে পাইকগাছা ও যশোরের বাঘারপাড়া থানা পুলিশের যৌথ অভিযানে বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ ও অভিযোগসূত্রে জানা গেছে, গত শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ওই কিশোরী আর বাড়ি ফিরে আসেনি। এরপর সম্ভাব্য আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ-খবর নিয়েও তার সন্ধান পায়নি মেয়েটির পরিবার। তবে পরে তারা খবর পান উপজেলার বোয়ালিয়া মোড় সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তিরা প্রাইভেট কারে তাকে জোর করে তুলে নিয়ে গিয়েছে। এরপর মঙ্গলবার (০৯ নভেম্বর) অপহরণের শিকার ঐ স্কুল শিক্ষার্থীর বাবা ৪ জনকে আসামি করে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ মোল্যা জানান, অপহরণের কাজে সহায়তার অভিযোগে রোববার (১৪ নভেম্বর) রাতে বাঘারপাড়া এলাকা থেকে অপহরণকারীর বাবা-মাকে আটক করা হয়েছে। সোমবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
সর্বশেষ এ ঘটনায় অপহরণকারী সুব্রত দেবনাথসহ অন্যান্য আসামিদের আটকে জোর চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।



