মাদারীপুরের কালকিনি উপজেলায় ইউপি নির্বাচনী সহিংসতার জেরে বোমায় আহত আলমগীর প্যাদা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সকালে ঢাকার মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আলমগীর প্যাদা উপজেলার সিডিখান এলাকার সিডিখান গ্রামের জয়নাল প্যাদার ছেলে। এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের কালকিনির সিডিখান ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী মো: চান মিয়া শিকদারের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে গত ১০ নভেম্বর সকালে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং দুই শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বোমায় স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়ার সমর্থক আলমগীর প্যাদা গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।