বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে গাছের নীচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত আনছার খলিফা (৭০) মৃত আব্দুল গনি খলিফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনছার খলিফা নিজ বাড়ির সামনে একটি বড় জাম গাছ কাটছিলেন। গাছের অধিকাংশ কাটা হলে গাছটি হেলে পড়ে। এ সময় আনসার খলিফা হাত দিয়ে গাছটি ঠেলে ধরেন। এ সময় গাছটি আনসার খলিফার মাথার ওপরে পড়ে তার মাথা থেঁতলে যায় এবং মগজ বের হয়ে পড়ে। ঘটনাস্থলেই আনসার খলিফা মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় তালতলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।