বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
শনিবার সকাল নয়টায় শহরের রথখলা মাঠে শুরু হয়েছে এ কর্মসূচি। যা চলবে বিকেল চারটা পর্যন্ত।
সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এ কর্মসূচচিতে যোগ দিয়েছেন।
অনশন কর্মসূচি ঘিরে পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো ছিল। পুরো অনুষ্ঠানস্থল ও এর আশপাশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। অনশনে সভাপতিত্ব করছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম।
কর্মসূচিতে বক্তরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে বলেন, মানবিক দিক বিবেচনায় হলেও দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেয়া প্রয়োজন। এ কারণে তারা সরকারের অনুমতি চেয়েছেন। কিন্তু সরকার এই মানবিক দাবির প্রতি কর্ণপাত করছে না।
বক্তারা এ সময় খালেদা জিয়ার জীবন বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ অবস্থায় খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে।
গণঅনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, জাহাঙ্গীর মোল্লা, রুহুল হোসাইন, আমিনুল ইসলাম রতন, অ্যাডভোকেট জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, নাজমুল আলম প্রমুখ।



