নারায়ণগঞ্জের জেলার রূপগঞ্জ উপজেলার রূপসীর সিটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহতরা হলেন, হযরত আলী (২৫) ও বেলায়েত হোসেন (৫৯)। তাদের বাড়ি উপজেলার গন্ধর্বপুর এলাকায়।

শনিবার বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, রূপগঞ্জ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে আসা দুজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মো: হযরত আলী (২৫) শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের শরীরে নিরান্নবই শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া মো: বেলায়েত হোসেন (৫৯) রোববার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া মো: সিরাজুল ইসলাম (৬০) নামের আরো একজন চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।