রাজবাড়ী সদর উপজেলার দাদশীর বক্তারপুরে বেপরোয়া গতির নসিমনের ধাক্কায় ঝর্ণা বেগম (২৬) নামের ৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় তার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায়। এছাড়া হাবিবা নামের ৪ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে দাদশী ইউনিয়নের বক্তারপুরে এ ঘটনা ঘটে। নিহত ঝর্ণা ওই এলাকার হিরা মল্লিকের মেয়ে। ঝর্ণা প্রায় ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আর গর্ভে ছিল তার দ্বিতীয় সন্তান।
নিহতের চাচা সাহেব আলী ও মামা শ্বশুর আজিবর মল্লিক জানান, ঝর্ণা মেয়ে হাবিবাকে নিয়ে বাড়ির সামনের রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিল। এ সময় সিংঙাবাজার থেকে দাদশীর দিকে যাওয়া বেপরোয়া গতির একটি নসিমন তাদেরকে ধাক্কা দেয়। এতে ঝর্ণা ও তার মেয়ে গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নেয়া হলে ডাক্তার ঝর্ণাকে মৃত ঘোষণা
করেন।
ঘটনার পড়ে নসিমন ও চালককে আটক করে স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন তারা।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোমা প্রামাণিক জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।
রাজবাড়ী থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।



