মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের গুহপাড়া এলাকা থেকে ৫ নম্বর ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থীর ছেলে আসিফ ফকির (২১) ও মেহেদী বেপারী (১৯) নামে অপর একজনকে দেশী অস্ত্রসহ আটক করেছে ডিবি পুলিশ।

রোববার দুপুরে তাদেরকে আটক করা হয়। আটক আসিফ ফকির সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের গুহপারা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দোলেয়ার ফকিরের ছেলে। অপরজন মেহেদী বেপারি একই এলাকার আক্কেল বেপারীর ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, আগামী ২৮ তারিখ ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার করার লক্ষ্যে একটি গ্রুপ দেশীয় অস্ত্র মজুদ বাড়াচ্ছে।

এ ব্যাপারে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রোববার দুপুরে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের গুহপারা গ্রামে অভিযান চালায়। তারা গ্রামের রাস্তার পাশের দোকান থেকে হাতে নাতে আসিফ ফকির ও মেহেদী বেপারিকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এ সময় সেই দোকানে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান বলে জানান তিনি।