নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় একই পরিবারের একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। আসামি হচ্ছেনÑ ১০১ বছর বয়সী পিতা ও তার তিন ছেলে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ মুন্সী মো: মশিয়ার রহমান এ আদেশ দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেনÑ নড়াইলের কালিনগর গ্রামের ছায়েন উদ্দিনের ছেলে আলমগীর ভূঁইয়া (৫০)। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ দিকে বাবা ছায়েন উদ্দিন ভূঁইয়াসহ তার দুই ছেলে হাবিবুর রহমান ভূঁইয়া (৫৫) ও জঙ্গু ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে বাদি রবিউল ইসলাম ভূঁইয়াদের সাথে আসামিপক্ষের বিরোধ চলে আসছিল। এর জেরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালিনগর বাজারে উভয়পক্ষের মধ্যে সালিস বৈঠক হয়। সালিসের পর ওইদিন সকাল সাড়ে ৯টায় বাদির ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজার এলাকায় দেশী ধারালো অস্ত্র গুপ্তি বুকে ঢুকিয়ে হত্যা করা হয়। ১৬ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।