পাবনার নাজিরগঞ্জ এলাকার পদ্মানদীতে ড্রেজার দিয়ে বালুকাটার সময় দুর্বৃত্তদের হামলায় এক শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত ৬ জন আহত হয়েছে। এ সময় বালুকাটা একটি ড্রেজার মেশিন নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের কেউ গুরুতর নয় বলে জানা গেছে।
আহতরা হলেন, গুলিবিদ্ধ আবু তালেব (৩৫), মমিন (৪২), আলী আকবর (৩০), হানিফ (৩৫), মোশাররফ (৩৫) ও কামাল (৩৫)।
জানা গেছে, ধাওয়াপাড়া থেকে শ্রমিকরা নাজিরগঞ্জ এলাকায় পদ্মায় বালু কাটতে গেলে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এতে একজন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হন। দুর্বৃত্তরা একটি ড্রেজার মেশিন নিয়ে যায়। শ্রমকিদের ভাষ্য, চাঁদা না দেয়া বা কম হওয়াতে এ হামলা হয়েছে। এখানে কর্মরত শ্রমিকরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাজ করতে এসেছেন।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়। গুলিবিদ্ধ ব্যক্তিও সুস্থ আছেন। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছে সদর থানা পুলিশ।



