মাগুরায় পিতার নামীয় পৈত্রিক সম্পত্তি ছেলেকে লিখে না দেয়ায় বাবা শহীদুল হক সাধুকে (৭০) কুপিয়ে জখম করেছে তার ছোট ছেলে হানিফ। এতে তিনি মাথায় গুরুতর জখম হয়েছেন ও তার বাম হাতের ৪টি আঙ্গুল কেটে পড়ে গেছে।
গুরুতর অবস্থায় শহীদুল হককে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের উথলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম।
তিনি জানান, উথলী গ্রামের শহীদুল হক সাধুর দুই সন্তান গোলাম মোস্তফা ও হানিফ। দুই ভাইয়ের মধ্যে পিতার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ছোট ছেলে হানিফ বখাটে স্বাভাবের হওয়ায় অনেক আগেই তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। কিন্তু মাঝে মধ্যে বাড়িতে এসে তার অংশের জমি লিখে দেয়ার জন্য পিতার ওপর চাপ সৃষ্টি করতো।
মঙ্গলবার সকালে বাড়ির অদূরে একটি চায়ের দোকানে বৃদ্ধ বাবা চা পান করছিলেন। এ সময় ছোট ছেলে হানিফ অর্তকিত আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও হাত লক্ষ্য করে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হানিফকে আটকের চেষ্টা চলছে।
আহত শহীদুল হকের বড় ছেলে মোস্তফা জানান, ছোট ভাই তার অংশের জমি লিখে নেয়ার জন্য বিভিন্ন সময় ঝামেলা করতো। জমি লিখে না দেয়ার জন্য সে বৃদ্ধ বাবাকে কুপিয়ে জখম করেছে। বাবা আমার নামে জমি লিখে দিতে পারে এ ধারণা থেকেই সে এ জঘন্য ঘটনাটি ঘটিয়েছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস জানান, আহত শহীদুলের মাথায় গুরুতর জখম ও বাম হাতের ৪টি আঙ্গুল কেটে পড়ে গেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।



