কুমিল্লার দেবিদ্বারে সেন্টু মিয়া (৪০) নামে এক অটোচালকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নায়েব আলী কলেজ সংলগ্ন বিল থেকে ভাসমান অবস্থায় সেন্টু মিয়ার লাশ উদ্ধার করা হয়।
সেন্টু উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার বক্তার বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে। গত রোববার বিকেলে নিজস্ব অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে চারদিন ধরে নিখোঁজ ছিলেন।
নিহতের ভাতিজা মো: আব্দুল্লাহ জানায়, দরিদ্র সেন্টু মিয়ার জীবিকার একমাত্র অবলম্বন ছিল অটোরিকশাটি। রোববার বিকেলে সে অটো নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফিরে আসেনি। পরদিন স্থানীয় বুড়িরপাড় বাজারে খোজ নিলে দোকানদাররা জানায় রোববার রাত ৮টার দিকে দুজন অচেনা যাত্রী নিয়ে নাল্লার উদ্দেশ্যে ভাড়ায় যাবার পর থেকে আর তাকে এদিকে দেখা যায়নি।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক এসআই আব্দুল বাতেন জানান, সেন্টু মিয়ার লাশ পানিতে থেকে পচন ধরেছে তাই দেহে কোনো আঘাত সনাক্ত করা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তার অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।



