নোয়াখালীর চাটখিলের সপ্তগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনছারী ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর ১০-১৫ জন শিক্ষার্থীকে ঠুনকো চুলকাটা নিয়ে স্কুলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটান। এতে ওই বিদ্যালয়ের এক ছাত্রের ডান হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙ্গে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রের মা জানান, গত বুধবার রাতে তার ছেলে প্রচণ্ড হাত ব্যথা বলে শোর-চিৎকার করছে ও কাঁদছে। পরে ওই ছাত্রকে ডেল্টা মেডিক্যাল সার্ভিস (প্রা.) নামক স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক এক্স-রে করে নিশ্চিত করেন ছাত্রের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ভেঙ্গে যায়। এতে ছাত্রকে জিজ্ঞেস করলে সে বলে তাকেসহ স্কুলের ১০-১৫ জন শিক্ষার্থীর চুলকাটাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক সকলকে বেদম পিটিয়েছেন ও অভিভাবকদের না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়েছেন।

এই ব্যাপারে প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনছারীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের শাসন করার জন্য তিনি মেরেছেন। পরে এক অভিভাবক ছাত্রের আঙ্গুল ভেঙ্গেছে বলে তাকে জানিয়েছেন।