মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনী শত্রুতার জের ধরে সোনিয়া আক্তার নামে এক পরাজিত মহিলা মেম্বার প্রার্থীর ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে করে তার প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগীর। এ ঘটনায় রোববার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদ্য অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার রমজানপুর এলাকার ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের পরাজিত নারী মেম্বার প্রার্থী সোনিয়া আক্তার তার নিজ গ্রাম রমজানপুরের চরপালরদীতে এক একর জমিতে মাছের ঘের করেন। কিন্তু ইউপি নির্বাচনী শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত শনিবার ভোরে তার ঘেরে বিষ দেয়।এতে করে ঘেরের সব মাছ মরে ভেসে ওঠে। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
ক্ষতিগ্রস্ত সোনিয়া আক্তার কান্নাজড়িতকণ্ঠে বলেন, অনেক কষ্টের বিনিময়ে আমি একটি মাছের ঘের করেছি। মাছগুলো প্রায় বড় হয়েছে। কিন্তু নির্বাচনী শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা বিষ দিয়ে আমার মাছগুলো মেরে ফেলেছে। আমি পথে বসে গেছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, অভিযোগ পেয়েছি। তবে কারা বিষ দিয়েছে সেটা এখনো জানতে পারিনি।